কোমল পানীয় কোকাকোলার বোতলে বাংলা ভাষার বিকৃতি এবং এ সংক্রান্ত বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান রানা এ আবেদনটি করেন। আবেদনে ওই বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চাওয়ার পাশাপাশি বাংলা ভাষার বিকৃতি কোকাকোলার বিজ্ঞাপনে বাংলা বিকৃতি বন্ধে রিট বন্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে নাÑ এ মর্মে রুলও চাওয়া হয়েছে।
বাংলাদেশে কোকাকোলার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আইন সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকসহ ১০ জনকে আবেদনে বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী মনিরুজ্জামান রানা।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘কোকাকোলার বোতলের লেভেলে বাংলায় কিছু বাক্য বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। ভোক্তারা বিশেষ করে শিশু-কিশোররা এটি কিনতে গিয়ে এসব ভাষা বিকৃতভাবে বলছে, যা কাম্য নয়। এছাড়া দেশের বাইরেও ভাষা বিকৃতির বিজ্ঞাপনের এই পণ্য বিক্রি হচ্ছে। এতে করে বাংলা ভাষার অমর্যাদা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কোন অধিকারবলে ও কার অনুমতি নিয়ে কোকাকোলা বাংলা ভাষাকে বিকৃত করে এসব বিজ্ঞাপন প্রচার করছে রিট আবেদনে সে বিষয়ে আদালতের নির্দেশনা চেয়েছি। এছাড়া কোকাকোলায় বাংলা ভাষার বিকৃতি বন্ধ এবং ওইসব বোতল বাজার থেকে সরিয়ে নিতেও হাইকোর্টের নির্দেশনা চেয়েছি। কার্যতালিকায় এলে আগামী সপ্তাহে এর ওপর শুনানি হতে পারে।’
