প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন পিআইবি’র সহকারী অধ্যাপক কামরুন নাহার।
শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় শাহ আলমগীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছিলেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তার রক্তে হিমোগ্লোবিন কমে যায় সম্প্রতি। ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন শাহ আলমগীর।
২১ ফেব্রুয়ারি রাতে সিএমএইচে ভর্তি হন পিআইবি’র মহাপরিচালক। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
চার দফা জানাজা শেষে শাহ আলমগীরকে বৃহস্পতিবার বাদ আছর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে। তার জানাজা হবে দুপুর দেড়টায় পূর্ব গোড়ান মক্কা জামে মসজিদ, বেলা আড়াইটায় পিআইবি, ৩টায় জাতীয় প্রেসক্লাব ও সাড়ে ৪টায় উত্তরার ১১ নম্বর সেক্টর বায়তুল নূর জামে মসজিদে। এ ছাড়া প্রেসক্লাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবি’র মহাপরিচালকের দায়িত্ব পান।
তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
