খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০৩:৫৬ এএম

দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকেল সোয়া ৪টায় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলটির সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেলের কাছে স্কাউট মার্কেট ঘুরে ফকিরাপুল অভিমুখে কিছু দূর এগিয়ে নয়াপল্টন মসজিদ ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, সরকার আইন, বিচার, প্রশাসন, নির্বাচন কমিশন ধ্বংস করেছে। গণমাধ্যমকে ভয়ভীতি ও চাপ প্রয়োগের মাধ্যমে কব্জায় রাখার চেষ্টা করছে। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলেই বিএনপিকে রাজপথেই অবস্থান নিতে হবে।

তিনি বলেন, মিডনাইট সরকারের প্রধান শেখ হাসিনা প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। নির্দোষ খালেদার বিরুদ্ধে গায়ের জোরে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। মানুষ হিসেবে খালেদা জিয়ার সব মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তার মুক্তির জন্য রাজপথই বিএনপির একমাত্র ঠিকানা।

মিছিলে ঢাকা মহানগর যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত