শিক্ষা সপ্তাহে পেছাল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০৩:৪৪ এএম

শিক্ষা সপ্তাহের জন্য আবারও পিছিয়ে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত পরীক্ষা। শতভাগ প্রস্তুতি থাকলেও আগামী ১৩ মার্চ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯’ পালন করার সিদ্ধান্ত হওয়ায় ১৫ মার্চ শুরু হতে যাওয়া নিয়োগ পরীক্ষা পিছিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

ডিপিইর মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী  ১৫ মার্চ থেকে শুরু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।  আবেদনকারী বেশি হওয়ায় কয়েকটি ধাপে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি শুরু করা হয়। এ পরীক্ষার জন্য আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হলেও আগামী ১৩ মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ পালন করার সিদ্ধান্ত হওয়ায় তা আবারও পিছিয়ে দেওয়া হয়েছে।’

কবে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু করা হবে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আপাতত শিক্ষা সপ্তাহ আয়োজন নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। এ অনুষ্ঠান শেষে মন্ত্রণালয়ের সভা করে শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পুনরায় নির্ধারণ করা হবে।’

জানা গেছে, আগামী ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হবে জাতীয় শিক্ষা সপ্তাহ। ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এ স্লোগানে এবার পালিত হবে শিক্ষা সপ্তাহ। এদিন প্রধানমন্ত্রী উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখের উপস্থিত থাকার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত