প্রকৌশলীদের সেরা ছাত্র বললেন প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৭:৫০ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রকৌশলীদের সেরা ছাত্র হিসেবে অভিহিত করেছেন।

প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা তুলে ধরে নসরুল হামিদ বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আপনাদের কোনো প্রোগ্রাম মিস করেন না। কারণ উনি চায় আপনাদের দিয়েই দেশ গঠন হবে। বেস্ট অব দ্যা পিপল। বাংলাদেশের সোনার ছেলে হলেন আপনারা। এতে কোনো দ্বিমত নাই। বেস্ট অব দ্যা স্টুডেন্ট আপনারা।’

তিনি বলেছেন,  বাংলাদেশের চরিত্র আর সিঙ্গাপুরের চরিত্র এক না। বাংলাদেশকে এই দেশের মতো করেই তৈরি করতে হবে।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশের সঙ্গে আমাদের থাকতে হবে। পরিবেশবান্ধব অবকাঠামো তৈরি করতে হবে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৯তম জাতীয় কনভেনশনের সমাপনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকৌশলীদের সৃজনশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রকৌশলীদের সৃজনশীলতার অভাবের উদাহরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পানি বাড়লে যমুনা সেতুর নিচ দিয়ে বড় জাহাজ যেতে পারে না। অথচ সবচেয়ে ভালো প্রকৌশলীরা সেখানে কাজ করেছে।’

সম্প্রতি বড়পুকুরিয়া খনি থেকে কয়লা গায়েব হওয়া নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘এটা তো ইঞ্জিনিয়ার ইস্যু। ইঞ্জিনিয়ার আগের দিন আমাকে বলল দেড় লাখ টন কয়লা আছে স্যার। তার পরের দিন বলে নাই স্যার। এখন পলিটিসিয়ানদের কী করার আছে?’

তিনি বলেন, ‘গত পাঁচ বছর প্রকৌশলীদের সঙ্গে কাজ করে আসছি। সব প্রকৌশলী আমার পরিচিত। চেহারা পরিচিত। তাদের সব কথা শুনি আমি। এ জন্যই তো আবার আমারে বসাইছে।’

আইইবির সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুরের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, আইইবির সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদসহ সাবেক সভাপতি ও প্রকৌশলীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত