বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০২:৪৫ এএম

বন্ধ কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে সাভারে মানববন্ধন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে তিনশোর বেশি শ্রমিক অংশ নেয়।

পৌর এলাকার দক্ষিণ রাজাশনের সিগনেছার স্টিচ অ্যাপারেলস লিমিটেড নামে কারখানাটিতে গত বছর নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসের বেতনভাতা বকেয়া রয়েছে। বকেয়া টাকা পরিশোধ না করেই গত শনিবার কারখানায় তালা ঝুলিয়ে মালিকপক্ষ পালিয়ে যায় বলে শ্রমিকরা অভিযোগ করে।

মানববন্ধনে অংশ নেওয়া কারখানাটির অপারেটর সালমা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘চার মাসের বেতন না পেয়ে আমরা শ্রমিকরা মানবেতর জীবন কাটাচ্ছি। বাড়ি ভাড়া ও দোকানে বাকির টাকা পরিশোধ করতে না পেরে বিভিন্নভাবে নির্যাতনেরও শিকার হচ্ছি। তাই বাধ্য হয়ে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।’

কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেব আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত