গাইবান্ধায় আওয়ামী লীগ প্রার্থীদের হুমকি ‘বিদ্রোহীরা’

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১২:১৩ এএম

উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার ছয় উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৩ জনের মধ্যে পাঁচ উপজেলাতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন আটজন। এসব বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তবে শুধু পলাশবাড়ী উপজেলায় দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। গাইবান্ধা সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে পিয়ারুল ইসলামকে, সাদুল্লাপুরে সাহারিয়া খাঁন বিপ্লব, পলাশবাড়ীতে এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জে আব্দুল লতিফ প্রধান, ফুলছড়িতে জি এম সেলিম পারভেজ ও সাঘাটায় এস এম সামশীল আরেফিন টিটুকে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর অন্যদের মতো বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য শাহ সারোয়ার কবীর, সাদুল্লাপুরে উপজেলা যুবলীগের সভাপতি আবু সাআদাত শাহ মো. ফজলুল হক রানা এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মতিয়ার রহমান সরকার, গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস আলম রাজু ও মুকিতুর রহমান রাফি এবং উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী, ফুলছড়িতে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান এবং সাঘাটায় জেলা যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর কবীর।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম বলেন, প্রত্যেক উপজেলায় বর্ধিত সভার তারিখ এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। এসব সভায় বিদ্রোহীদের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত