বিমান ছিনতাইচেষ্টার ঘটনার রেশ না কাটতেই এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ধরা পড়ল না আসল পিস্তল। গতকাল মঙ্গলবার দুপুরে স্ক্যানিং মেশিনে ধরা পড়েনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে থাকা একটি বৈধ পিস্তল। তিনি নিরাপত্তাবলয় বিনা বাধায় পার হন। অবশ্য ভুল বুঝতে পেরে নিজেই নিরাপত্তা কর্মীর কাছে বিষয়টি অবগত করেন ইলিয়াস কাঞ্চন। তিনি গতকাল বিকেলে নভো এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম যাচ্ছিলেন। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান বলছেন, ‘ইলিয়াস কাঞ্চন স্ক্যানিং না করেই ভেতরে প্রবেশ করেন।’
তিনি গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
স্ক্যানিং মেশিন ধরতে পারেনি আসল পিস্তল তার দুই সহযোগীসহ নভো এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রামে যাচ্ছিলেন। অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেট দিয়ে প্রবেশের সময় স্ক্যানার মেশিনে তিনি চেক করাননি। পরে তিনি নিজেই নিরাপত্তাকর্মীদের কাছে ফিরে এসে জানান, তার কাছে একটি লাইসেন্স করা পিস্তল রয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।’
বেবিচক পরিচালক আরও বলেন, ‘পরে ইলিয়াস কাঞ্চন লিখিতভাবে আবেদন করলে তাকে পিস্তলসহ বিমানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’
নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার আরও দুই ব্যক্তি বৈধ অস্ত্র নিয়ে বিমানে চট্টগ্রাম গিয়েছেন।’
নভো এয়ারের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমে ইলিয়াস কাঞ্চন পিস্তল নিয়ে বিমানে ওঠেননি। সিকিউরিটি গেট পার হয়েছিলেন মাত্র।’ এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে ইলিয়াস কাঞ্চন দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টির সঙ্গে দেশের নিরাপত্তা ইস্যু জড়িত। তাই এই নিয়ে কিছু বলতে চাই না।’
