কয়েক দিনের মধ্যে বাইপাস সার্জারি কাদেরের

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৩:১৪ এএম

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কয়েক দিনের মধ্যে বাইপাস সার্জারি করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ হাসপাতালে ব্রিফকালে এ কথা জানান। ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাসসকে জানান সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। তিনি বলেন, মেডিকেল বোর্ড জানিয়েছে, তার শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। তারা ওবায়দুল কাদেরের কিডনিতে সমস্যা ও ইনফেকশন পেয়েছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার পরে কয়েক দিনের মধ্যে তার বাইপাস সার্জারি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবন্দসহ হাইকমিশনের কর্মকর্তারা।

গত সোমবার বিএসএমএমইউ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ডা. রিজভী জানান, আজ দুপুর সাড়ে ১২টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত