বেয়ারস্টোর ক্যারিয়ার সেরা ইনিংসে ইংল্যান্ডের জয়

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:১৮ এএম

টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন ওপেনার জনি বেয়ারস্টো। তার ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে ইংল্যান্ড।

মঙ্গলবার রাতে সেন্ট লুসিয়ায় হওয়া ম্যাচটিতে ৪ উইকেটের জয় পায় ইংল্যান্ড। ক্যারিবীয়দের বেধে দেওয়া ১৬১ রানের লক্ষ্যে সাত বল বাকি থাকতেই পৌঁছে যায় অতিথি দল।

ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৬০ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের এই সংগ্রহে সবচেয়ে বড় ভূমিকা নিকোলাস পুরানের। ৩৭ বলে তিন চার ও চার ছক্কায় ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পাঁচ নম্বরে নামা এই ব্যাটার।

৩০ বলে ২৮ রান করেন ডোয়াইন ব্রাভো। অন্যদের মধ্যে ক্রিস গেইল (১৫), শিমরন হেটমায়ার (১৪) ও অ্যাশলি নার্স (১৩*) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে পেসার টম কারেন চার ওভারে ৩৬ রানে চারটি উইকেট নেন। দুই উইকেট নেন ক্রিস জর্দান। একটি করে উইকেট আদিল রশিদ ও জো ডেনলির।

জবাবে ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার বেয়ারস্টো। তার ৪০ বলের ইনিংসটিতে রয়েছে নয়টি চার ও দুইটি ছক্কা! টি-টোয়েন্টিতে এর আগে বেয়ারস্টোর সর্বোচ্চ ইনিংসটি ছিল অপরাজিত ৬০ রানের।

২৯ বলে ৩০ রান করেন জো ডেনলি জো ডেনলি। ১৬ বলে ১৮ রান করেন স্যাম বিলিংস।

উইন্ডিজ বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন পেসার শেলডন কটরেল। একটি করে উইকেট অ্যাশলি নার্স, জেসন হোল্ডার ও কার্লোস ব্র্যাথওয়েটের।

জয়সূচক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। দল দুটির মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ৮ মার্চ সেন্ট কিটসের বাসেতেরেতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত