কুমিল্লার হত্যা মামলায় খালেদার ৬ মাসের জামিন

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:২০ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের যুগ্ম বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার শুনানি শেষে আদেশের জন্য এদিন ধার্য করে হাইকোর্ট। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ মামলায় জামিন পেতে আইনজীবীদের মাধ্যমে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এর আগে গত ৪ ফেব্রুয়ারি এই মামলায় কুমিল্লার বিচারিক আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর হয়।

বিএনপি-জামায়াত ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি নৈশকোচে পেট্রলবোমা হামলা হয়। এতে বাসের মধ্যে আগুনে পুড়ে সাতজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। আহত হন অন্তত ২৭ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ৭৭ জনকে আসামি করে মামলা করে পুলিশ। তদন্ত শেষে কুমিল্লার বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ওই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে রাখা হয়েছে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি সাজাভোগ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত