কাভার্ডভ্যান থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৯:২৫ পিএম

কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রাম নগরী অতিক্রমের সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে নগরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ৮৫ হাজার পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪৮) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। রফিকুল ইসলাম ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন দেশ রূপান্তরকে জানান, ৮৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় মমতাজ হোটেলের পাশে কাভার্ড ভ্যানটিকে আটকে তল্লাশি করা হয়। পরে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

ইয়াবাগুলো কক্সবাজারের রামু থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান এসএম মোস্তাইন হোসাইন।

অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিতে কোনো পণ্য ছিল না। সেটি আটক করে চালক রফিকুলকে খালি কাভার্ড ভ্যানের গন্তব্য জিজ্ঞাসা করলে, সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। সেটিতে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবাগুলো আমরা উদ্ধার করি।

এদিকে গ্রেপ্তার রফিকুলকে জিজ্ঞাসাবাদে এই ইয়াবা চালানের সঙ্গে জড়িত আরও তিনজনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা মইনুল।

তিনি জানান, তিনজনের মধ্যে আছে, কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি গ্রামের জামাল (৩৫), ঢাকার মিরপুর ১১ নম্বরের রবিউল ইসলাম রাব্বী (৩০) ও কাভার্ড ভ্যানের মালিক মো.আব্দুর রহমান (৫০)।

গোয়েন্দা কর্মকর্তা মইনুল বলেন, চারজন একই সিন্ডিকেটের। রামু’র জামালের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছে রাব্বী। কাভার্ড ভ্যানে করে সেই ইয়াবাগুলো ঢাকায় নিয়ে আব্দুর রহমানের হাতে তুলে দেওয়ার দায়িত্ব ছিল গ্রেপ্তার হওয়া রফিকুলের।

আব্দুর রহমান সেগুলো ঢাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন। ইয়াবা উদ্ধারের মামলায় রফিকুলের সঙ্গে বাকি তিনজনকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন মইনুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত