পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২ জন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও ৯ জন নারী ভাইস চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সব মিলিয়ে এ ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা ২৮ জন।
ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানান, উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিলে ১২ জেলার ৮৭ উপজেলায় ১০ মার্চ ভোটের দিন রাখা হয়েছিল। তবে আদালতের আদেশে রাজশাহীর পবা উপজেলায় ভোট স্থগিত করা হয়। এ ছাড়া জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ এবং নাটোর সদরে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই দিন ভোট হবে ৮৩ উপজেলায়।
তিনি আরও জানান, ওই ৮৩ উপজেলায় চেয়ারম্যান পদে ২১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৭৩ জন এবং ৪০৬ জন নারী ভাইস চেয়ারম্যান পদে লড়বেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ এবং চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ৩১ মার্চ ভোট হবে। পঞ্চম ধাপে বাকি উপজেলায় ভোট হতে পারে জুনের মাঝামাঝিতে।
