যে বাঙালি রবীন্দ্রসংগীত শোনেনি সে দুর্ভাগা: জাফর ইকবাল

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০২:৫৪ পিএম

বাঙালি হয়েও যে রবীন্দ্রনাথের গান শুনে নাই সে দুর্ভাগা- জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন লেখক-শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি আরও বলেন, “আমার এমন দিন কমই কেটেছে যেদিন রবীন্দ্রনাথের গান শুনিনি। শত ব্যস্ততার ফাঁকে সময় পেলেই রবীন্দ্রসংগীত শুনি। কিন্তু রবীন্দ্রনাথকে ঘিরে এই আয়োজন উদ্বোধন করার যোগ্যতা আমার নেই। তবুও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞ।”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে শুক্রবার শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত তিন দিনের এ সম্মেলন। সকাল পৌনে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন মুহম্মদ জাফর ইকবাল।

ড. সন্‌জীদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।

সম্মিলিত কণ্ঠে ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’ গানের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী পর্ব। এরপর মুহম্মদ জাফর ইকবাল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের সূচনা ঘোষণা করেন। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়।

সভাপতির বক্তব্যে সন্‌জীদা খাতুন বলেন, “সমাজে যে অনাচার হয়, তার থেকে মুক্তির জন্য সংস্কৃতি আমাদের আশ্রয়। সারা দেশে এখন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শাখা রয়েছে। দেশজুড়ে রবীন্দ্রচর্চা হচ্ছে, এটা আমাদের আনন্দিত করে।”

উদ্বোধনী পর্বের পর মঞ্চায়িত হয় গীতি-আলেখ্য ‘বিশ্বভরা প্রাণ’। সংগীত পরিচালনা করেছেন লাইসা আহমেদ লিসা ও নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

সম্মেলনের পর্দা নামবে রোববার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক।

এবারের আয়োজনে গুণী সম্মাননা জানিয়ে রবীন্দ্রপদকে ভূষিত করা হবে সিলেটের প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাসকে। সারা দেশ থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।

তিন দিনই সান্ধ্য-অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। দ্বিতীয় দিন শনিবার বিকেল ৫টায় সেমিনার অনুষ্ঠিত হবে। ‘রবীন্দ্রনাথের গানের সজীব মূর্তি’ শিরোনামের প্রবন্ধটি লিখেছেন ড. অসীম দত্ত। সেমিনারে সভাপতিত্ব করবেন ড. সন্‌জীদা খাতুন। প্রবন্ধের ওপর আলোচনা করবেন অধ্যাপক আ ব ম নূরুল আনোয়ার ও লাইসা আহমেদ লিসা। এ ছাড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রদর্শনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত