পিতলের মূর্তি ও শিবলিঙ্গ উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১১:১৫ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে দেশে পাচারের সময় ৪টি পিতলের মূর্তি ও পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিগুলো উদ্ধার করা হয়। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে দেশে মূর্তি পাচার করে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে হিলি সীমান্তের ঘাসুড়িয়া মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই স্থান থেকে ব্যাগ দুটি উদ্ধার করা হয়। ব্যাগে ১টি পিতলের শিবমূর্তি, ১টি কালীমূর্তি, ১টি রাধাকৃষ্ণের মূর্তি, ১টি লক্ষ্মীর মূর্তি ও ৬টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তি ও শিবলিঙ্গগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা। মূর্তিগুলো হিলি স্থল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত