পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাংবাদিকরা তাদের পেশার প্রতি যতটা দায়িত্বশীল, পুলিশ যদি ততটা দায়িত্বশীল হতো তাহলে অপরাধ দমনে আরও সফলতা আসত। পুলিশ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ অপরাধমুক্ত হবে। গতকাল শুক্রবার কুমিল্লা পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে পুলিশপ্রধান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমানসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা। এর আগে পুলিশ লাইনসে নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সি কবিরউদ্দিন আহমেদ ভবন’-এর উদ্বোধন এবং একটি আবাসিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি।
