আন্তর্জাতিক নারী দিবসে প্রিয় নারীদের শুভেচ্ছা জানিয়েছেন পুরুষেরা। উদ্যাপন করেছেন নারীর শক্তি। বিলিয়েছেন সাম্যের বাণী।
বাদ গেলেন না প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী আমেরিকান পপ গায়ক নিক জোনাস। তার দেওয়া বিশেষ বার্তা আপ্লুত করেছেন ‘দেশি গার্লের’ ভক্তদের।
তবে একটু দেরিতে শুভেচ্ছা বার্তাটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিক। এ নিয়ে কোনো ক্ষোভ নেই প্রিয়াঙ্কা বা তার ভক্তদের মাঝে। বরং মন্তব্যের ঘরে গায়কের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কার উদ্দেশে নিক লেখেন, “এই অবিশ্বাস্য নারী সারা পৃথিবীর অনেকের জন্য আলো এবং অনুপ্রেরণার বাতিঘর।” সঙ্গে শেয়ার করেন লাল গাউন পরা নায়িকার একটি ছবি।
ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন নিক জোনাসের মা ডেনিস মিলার জোনাসও। জানালেন প্রিয়াঙ্কাকে জীবনে পেয়ে খুবই ভাগ্যবান নিক।
ওই পোস্টে লাইকের সংখ্যা অল্প সময়ের মাঝেই ১২ লাখের বেশি ছড়িয়েছে।
বলিউডের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় পরবর্তীতে দেখা যাবে প্রিয়াঙ্কা। এ ছাড়া হলিউডের এক বায়োপিকে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন এ নায়িকা।
