হাততালি দেখেই বুঝে গেছি সিনেমা সুপারহিট : শ্রাবন্তী

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৫:৪৪ পিএম

‘প্রতিটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে যেখানে চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে।’ এমনটাই জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শনিবার সকালে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমার প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলা চলচ্চিত্রের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার।’

এ সময় আরও বক্তব্য রাখেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরটিভি‘র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এরপর চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলী এবং সাংবাদিকেরা সিনেমাটি দেখেন। সিনেমার প্রদর্শনীর পর সাংবাদিকদের মুখোমুখি হন ছবিটির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা তাহসান, সাবেরী আলম, শিশু শিল্পী রাইসাসহ অনেকে।

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী এ সময় বলেন, ‘বাংলাদেশের ছবিতে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। হলভর্তি দর্শক সিনেমাটি উপভোগ করেছেন। সিনেমা শেষ হওয়ার পর সবাই যখন হাততালি দিচ্ছিল, তখনই বুঝে গেছি সিনেমা সুপারহিট। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এই সিনেমাটি ভীষণভাবে পছন্দ করবেন।’

অভিনেতা তাহসান বলেন, ‘সংগীতশিল্পী হিসেবে সবাই চিনেছে, এরপর ছোট পর্দায় অভিনয় করেও মানুষের ভালোবাসা পেয়েছি। এবার সিনেমায় অভিনয় করে সবার সামনে এসেছি। প্রথম শো’তেই দর্শকের সাড়া পেয়েছি। সবাইকে অনুরোধ করব, সিনেমা হলে গিয়ে ‘যদি একদিন’ দেখুন।’ ছবিটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী রাইসা। এই শিশুশিল্পী মনে করে ছবিটিতে অভিনয় করতে পারা ভীষণ ভালো লেগেছে। শ্রাবন্তী, তাহসান, সাবেরী আলমসহ পুরো ইউনিটের সবাই তাকে সহযোগিতা করেছে।

পারিবারিক প্রেমের গল্প নিয়ে ‘যদি একদিন’ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে সৈয়দ আশিক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সুস্থ ধারার সিনেমা উপহার দেবার লক্ষ্যেই কাজ করছি। ‘যদি একদিন’ তেমনই একটি ছবি। এরপর আমরা ‘সাপলুডু’ নামের নতুন আরেকটি ছবি নিয়ে প্রেক্ষাগৃহে আসছি। বাংলা সিনেমাকে নতুন মাত্রায় নিয়ে যেতেই আমরা কাজ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত