দেশে প্রতিবছর প্রায় ২২ হাজার নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা পিংক লাইফ বাংলাদেশ। তাদের মতে, এ রোগে আক্রান্ত হয়ে বছরে মৃত্যু হচ্ছে অন্তত ১৭ হাজার নারীর। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নারীদের স্তন ক্যানসার সচেতনতাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের ভাষ্য, বিশ্বে প্রায় ২১ লাখ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। স্তন ক্যানসার খুব সংবেদনশীল। তাই রোগটি প্রতিরোধে সামাজিক ও ব্যক্তি সচেতনতার পাশাপাশি রাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা করতে হবে, প্রণোদনা দিতে হবে।
পিংক লাইফ বাংলাদেশ ‘ব্রেস্ট ক্যানসার : কতটা সচেতন আমরা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে। আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিংক লাইফ বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. জাফর মাসুদ, ইমপালস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. তবির উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
