ডাকসুতে সুষ্ঠু ভোটের কোনো পরিবেশ দেখছে না ছাত্রদল

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:১৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণের সুষ্ঠু কোনো পরিবেশ নেই বলে অভিযোগ করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার দেশ রূপান্তরের কাছে এ অভিযোগ করে বলেন, পুরো ক্যাম্পাসেই আধিপত্য বিস্তার করে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। হলে হলে সহাবস্থানের কোনো পরিবেশ নেই। ছাত্রদলের প্রার্থীদের হলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, ঢুকলে মারধর করা হয়েছে। ক্যাম্পাসে কোনো প্রচার চালাতে দেওয়া হয়নি; ক্যাম্পও ভাঙচুর করা হয়েছে। আর প্রার্থীদের এখনো নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে।

১৯৯০-৯১ সেশনে ডাকসুর সর্বশেষ নির্বাচনে ছাত্রদল নেতা হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন আমান উল্লাহ আমান, যিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য। গতকাল দেশ রূপান্তরকে তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার আমলে ১৯৭৩ সালের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভোট গণনার শেষ সময়ে ছাত্রলীগ নেতারা ব্যালট বাক্স ছিনতাই করেছিল। তার আশঙ্কা, এবার ব্যালট বাক্স ছিনতাই না করে ‘ভিন্ন কৌশলে’ সাধারণ ছাত্রছাত্রীদের ভোট ছিনতাই করবে ছাত্রলীগ। আমান উল্লাহ আমান জানান, তিনি যখন ডাকসু নির্বাচন করেছিলেন তখন ভোটার ছিল ২৭ হাজার। ভোট হতো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এখন ভোটার ৪৩ হাজার। কিন্তু ভোট হবে দুপুর ২টা পর্যন্ত। ‘হলগুলো ছাত্রলীগের দখলে থাকায় ছাত্রলীগ নেতারা সাধারণ ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে তাদের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করবে’, বলেন ডাকসুর সাবেক এই ভিপি।

ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ডাকসুতেও ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের পথেই হাঁটছে আওয়ামী লীগ সরকার। সংসদ নির্বাচনে সরকারের প্রশাসন যেভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তেমনিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে সব ধরনের সহযোগিতা করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ছাত্রলীগ ছাড়া অন্য সব ছাত্রসংগঠন যেসব দাবি করেছিল, প্রশাসন তার একটিও পূরণ করেনি।

ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, ছাত্রলীগ নেতারা ২৪ ঘণ্টা হলে থাকলেও ছাত্রদলের প্রার্থীদের হলে ঢুকতেই বাধা দেওয়া হচ্ছে। হলে ছাত্রলীগ প্রচার কক্ষ করলেও ছাত্রদলকে সে সুযোগ দেওয়া হয়নি। প্রার্থীরা হলে থাকতে চাইলেও থাকতে দেওয়া হচ্ছে না। সূর্য সেন হল সংসদে ছাত্রদলের জিএস প্রার্থী আব্দুল খালেক দেশ রূপান্তরকে জানান, ভোটের দিন সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দিতে পারবে কি না, তা নিয়ে শঙ্কায় আছেন তারা। কারণ ভোটের দিন বাস সার্ভিস বন্ধ থাকবে। এতে করে সাধারণ ছাত্রছাত্রীরা অনেকে ভোট দিতে আসতে পারবে না। তিনি আরও অভিযোগ করেন, হল প্রভোস্টকে নির্বাচনের আগের কয়েকটি দিন হলে থাকার অনুমতি চেয়ে আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। হলে হলে ছাত্রলীগ প্রচার কক্ষ করলেও ছাত্রদলের প্রার্থীদের হলেই থাকতে দেওয়া হচ্ছে না। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান বলেন, ভোটের দিন সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাংবাদিকরা প্রবেশ করতে পারলে ভোটের আসল চিত্র তুলে আনতে পারতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত