লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে ‘ধর্ষণ’

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৪০ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার দালালবাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে স্থানীয় যুবক ইমরান ধর্ষণ করেছে বলে দাবি করেছে শিশুটির পরিবার। শিশুটিকে শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্দেহভাজন ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা। সে দালালবাজারের আমীরের ওয়ার্কশপে কাজ করত। শিশুটি স্থানীয় একটি স্কুলের নার্সারিতে পড়ে। এ ঘটনায় তার মা বাদী হয়ে ইমরানকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

শিশুটির মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালালবাজারে অবস্থিত স্কুলের পাশে চার বছর ধরে বাসা ভাড়া নিয়ে থাকেন। ওই বাসার পাশের আমীরের ওয়ার্কশপে কাজ করে ইমরান। ঘটনার দিন ইমরান পাশের বাসার অন্য শিশুদের মাধ্যমে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে ওয়ার্কশপের পেছনে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাসায় ফেরে। ঘটনার পর থেকে ইমরান পলাতক।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির চিকিৎসা চলছে।’ 

সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত