ডিএসইসির অভিষেকে তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে সানগ্লাস পরা দেখে মনে হয় না অসুস্থ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৪৬ এএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আমি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা পরিপাটি চেহারা দেখি, তাতে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘রিজভী সাহেব প্রতিদিন সংবাদ সম্মেলন করেন, দু-এক দিন অসুস্থ থাকলে বাদ যায়। কোনো ইস্যু না থাকলেও তিনি ইস্যু বানিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি প্রতিদিন খালেদা জিয়াকে অসুস্থ করেন। তাদের কথা শুনলে মনে হয় তিনি (খালেদা জিয়া) অনেক অসুস্থ। কিন্তু তার পায়ের যে সমস্যা এটা তার নতুন কোনো রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।’ তিনি বলেন, ‘বিএনপির সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাব আপনারা নির্বাচনভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন।’

ইভিএম নিয়ে সিইসির বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানে ভোটের ফলাফল নিয়ে কারও কোনো আপত্তি ছিল না, বিএনপিরও কোনো আপত্তি ছিল না। উনি (সিইসি) যেটা বলতে চেয়েছেন তা হলো নির্বাচনে ইভিএম ব্যবহৃত হলে বিরোধী দলের নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো আসে, যে অভিযোগগুলো তোলা হয় সেগুলো তোলার সুযোগ থাকবে না। এ কথাটিকে টেনে তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে, যেটা সমীচীন নয়।’

সাংবাদিকরা রাষ্ট্রের বিবেক হিসেবে কাজ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ, সমাজ এবং জনগণকে সঠিকভাবে পরিচালনার জন্য সচেতন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত অর্থবহ। কারণ সঠিক খবর প্রকাশিত না হলে সরকার ও দেশ ক্ষতিগ্রস্ত হবে।’

ডিএসইসির সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তাদির অনিকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাবেক সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, ডিএসইসির সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান, কায়কোবাদ মিলন, আল-মামুন, সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত