ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক সিগন্যালের সময় গাড়ি আটকালে প্রভাবশালী লোকজন পুলিশ সদস্যদের গালমন্দ করেন। গতকাল রাজধানীর আজিমপুরে অফিসার্স কলোনি মিলনায়তনে ট্রাফিক দক্ষিণ বিভাগের উদ্যোগে ‘ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গণপরিবহন পরিচালনার জন্য আমাদের দেশে আইন আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, এই আইন আমরা কেউ মানতে চাই না। অনেক সময় সিগন্যালে গাড়ি আটকে দিলে অনেক গণ্যমান্য ব্যক্তি ট্রাফিক পুলিশকে গালমন্দ করেন। সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হন, আইন না মানেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী সড়কের শৃঙ্খলা ফেরাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘সড়কের শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক ও শ্রমিক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
ডিএমপির কমিশনার বলেন, ‘আইন না মেনে যত্রতত্র গাড়ি পার্কিং, ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানো ও চুক্তিভিত্তিক গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। এই দুর্ঘটনা কমাতে বা নিয়ন্ত্রণ করতে আমাদের সবাইকে আইন মেনে গাড়ি চালাতে হবে। নির্দিষ্ট গতিতে চালাতে হবে, নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি থামানো যাবে না। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা বন্ধ রাখতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমে যাবে।’
