কক্সবাজারে বান্ধবী নিয়ে বেড়াতে এসে ইয়াবাসহ নিজামুল হক (৩৮) নামের পুলিশের এক 'এএসআই'কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের অংশে বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ আটক হন তারা।
কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক নিজামুল হক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটনে কর্মরত উপ-পরিদর্শক ছিলেন। তবে কিছু আগে থেকে সাময়িক বরখাস্ত হয়েছে।
এসপি মাসুদ বলেন, টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামানো হয়। পরে গাড়িতে থাকা এক যুবক ও তার বান্ধবীর শরীর তল্লাশী চালায় বিজিবির সদস্যরা।
এ সময় নিজামুল হকের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে বিজিবির সদস্যরা জানতে পারে আটক যুবক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটন শাখায় কর্মরত।
এসপি বলেন, " ঘটনাটি অবহিত করার পর আটক যুবককে তার বান্ধবীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিজামুল হককে গত কিছুদিন আগে চট্টগ্রাম মেট্টোপলিটন শাখা পুলিশ সাময়িক বরখাস্ত করেছিল। এ অবস্থায় বান্ধবীসহ কক্সবাজার বেড়াতে এসে সে ইয়াবাসহ আটক হয়েছে।
এসপি আরও জানান, আটক নিজামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
