ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৫৭

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৫:১৫ এএম

আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিগামী ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহীদের সবার মৃত্যু হয়েছে। ইটি ৩০২ ফ্লাইটটিতে ১৪৯ যাত্রী ও আট ক্রু ছিলেন বলে এয়ারলাইন্স কর্র্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে। বিবিসি বলেছে, গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে ইথিওপিয়ার রাজধানী থেকে বেশ পুরনো বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি উড়াল দেওয়ার ছয় মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। যাত্রীদের মধ্যে কেনিয়ার ৩২, কানাডার ১৮, যুক্তরাষ্ট্রের আট ও যুক্তরাজ্যের সাত নাগরিক রয়েছেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এয়ারলাইন্স কর্র্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটু শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে সবার মৃত্যুর খবর জানান।

পরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানতে সমন্বিতভাবে তদন্ত করা হবে। দুর্ঘটনার শিকারদের মধ্যে ৩৫টি দেশের নাগরিক রয়েছেন। তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইরোবি বিমানবন্দরের গেটে অনেক যাত্রীর স্বজনরা কয়েক ঘণ্টা অপেক্ষার পরও কর্র্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য জানতে পারেননি। কেউ কেউ বিধ্বস্ত হওয়ার খবর সাংবাদিকদের কাছ থেকে জানতে পারেন।

বিমান বিধ্বস্ত হওয়ার পাঁচ ঘণ্টা পরেও স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ কেনিয়ার কর্মকর্তারা বিমানবন্দরে পৌঁছাননি। পরিবহনমন্ত্রী জেমস মাচারিয়া বলেন, তিনি টুইটারের মাধ্যমে বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন।

এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে বিবিসি বলেছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েই আগুন ধরে যায়। আগুন দাউ দাউ করে জ্বলছিল, কেউ কাছে যেতে পারছিল না। সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয়া আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন।

বিধ্বস্ত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি বোয়িংয়ের ৭৩৭ ম্যাকস-৮ মডেলের। ২০১৬ সালে এই মডেলের উদ্বোধন হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর জুলাইয়ে তাদের বহরে বোয়িংয়ে ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ যুক্ত করে। মাত্র পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ায় বোয়িংয়ের একই মডেলের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের ওই উড়োজাহাজটির ১৯০ আরোহীর সবাই নিহত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত