নৌকার বিপক্ষে সাজেদাপুত্র সতর্ক করল আ.লীগ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১০:৫৪ পিএম

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরীকে সতর্ক করেছে জেলা আওয়ামী লীগ। গত রোববার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, সালথা উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ও ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। শাহদাবকে অনুরোধ করব, আসুন দলের প্রার্থীর পক্ষে কাজ করুন। না হলে দল আপনাকে ক্ষমা করবে না। আপনার কারণে দলের ক্ষতি হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সভাপতিকে (শেখ হাসিনাকে) জেলা আওয়ামী লীগ অনুরোধ করবে।’ এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সালথা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। শাহদাব আকবর দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ওয়াদুদ মাতুব্বরের পক্ষ নেন। বিভিন্ন সভায় আনারস প্রতীকের প্রার্থীকে তিনি সৈয়দা সাজেদা চৌধুরীর প্রার্থী বলে দাবি করেন। এ বিষয়ে সংসদ উপনেতার ছেলে শাহদাব আকবর চৌধুরী বলেন, ‘আমি নৌকার বাইরে অন্য কোনো প্রতীকে ভোট চাইনি। তবে আমার কোনো অনুষ্ঠানে কেউ যদি স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোট চায়, তার দায়িত্ব আমার না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত