চামড়াজাত পণ্য রপ্তানি সম্ভাবনাময় বাজার অস্ট্রেলিয়া

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:৩১ পিএম

অস্ট্রেলিয়ার বাজারে চামড়াজাত পণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

 বৈঠককালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি, শিল্প খাতে বিনিয়োগ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সফর বিনিময়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্পমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ায় চামড়াজাত পণ্য রপ্তানির বিশাল সুযোগ আছে, যা বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমেই বাড়ছে জানিয়ে তিনি বলেন, ২০০৪ সালে ৩৪৩ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়। বর্তমানে এর পরিমাণ বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশে গুণগত মানের চামড়াজাত পণ্য তৈরি ও মূল্য সংযোজনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আনতে চেম্বার নেতাদের পরামর্শ দেন শিল্পমন্ত্রী।

তিনি বলেন, শুধু চামড়া খাত নয় বাংলাদেশে রাসায়নিক সার, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, আইটি, ওষুধ শিল্প খাতেও বিনিয়োগের সুযোগ রয়েছে। উদীয়মান এসব শিল্প খাতেও অস্ট্রেলিয়ান উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে সে দেশের উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়া হবে। এ সময় অস্ট্রেলিয়ায় চামড়াজাত পণ্য রপ্তানি বাড়াতে আগ্রহ প্রকাশ করেন চেম্বারের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত