একনেক সভায় প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালে ‘প্রাইভেট প্র্যাকটিস’ হতে পারে

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০২:২৯ এএম

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের বেশি সময় রাখতে সেখানেই তাদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ করার ব্যবস্থা করে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে হাসপাতালে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন; কিডনি জটিলতা, হৃদ্রোগ, ক্যানসার ও পক্ষাঘাতগ্রস্তদের জন্য আলাদা ব্লক তৈরি এবং অবাধে বায়ু চলাচলের সুযোগ রেখে হাসপাতাল তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান। সভা শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাসপাতালেই চিকিৎসকরা একটা উইং (শাখা) নিয়ে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। আপনারা বারডেমে দেখছেন না, একটা উইং আছে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। আমরা কেন এটা করব না? (চিকিৎসক ও রোগীরা) বাইরে বাইরে যায় দৌড়াইয়া। এখানেই তাদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, এখানেই তারা প্র্যাকটিস করুক।’  ‘তিনি বলেছেন, কিছু কিছু নার্স বা সিস্টার আছেন, তাদের সন্তান থাকতে পারে। কিছু রোগী আছে, বাচ্চা কোলে নিয়ে আসে, এদের জন্য একটা ডে-কেয়ার সেন্টার করেন। কিডনি, হার্ট, ক্যানসার ও পক্ষাঘাতগ্রস্তদের জন্য আলাদা আলাদা ব্লক ধীরে ধীরে তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনাকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাসপাতালে যে ধরনের ডিজাইন, দেখলে মনে হয় বাসা বা ফ্ল্যাট। মানে একটা হোটেল হোটেল ভাব। হাসপাতালকে মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করেন। যাতে রোগীরা একটু আলো-বাতাস পেতে পারে। ডোন্ট মেক ইট ব্লক অব বিল্ডিং। প্লেইনে যারা ঢাকায় আসেন, তারা বলেছেন, বন্দর বন্দর মনে হয় ঢাকাকে। হাজার হাজার কনটেইনার যেন ওপর থেকে মনে হয়।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এটা পরিবর্তন করুন। ডিজাইনটা একটু সুন্দর করুন। খোলামেলা করুন। রোগীরা যাতে আলো-বাতাস পেতে পারে, সেই ব্যবস্থা করুন। প্রয়োজনে ব্যাংককে, চেন্নাইয়ে বাইরের দেশগুলোতে ভালো ভালো হাসপাতাল আছে, সেগুলো দেখে আসুন, তারা কীভাবে বিল্ডিংগুলো করছে, দেখুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত