সর্বশেষ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গায়িকা নেহা কক্কর ও অভিনেতা হিমাংশু কোহলির মাঝে সব ঠিকঠাকই ছিল। রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১০’- এর সেটে নিজেদের ভালোবাসার কথা সবাইকে জানান তারা। এরপর বিচ্ছেদ হতেও খুব বেশি সময় লাগেনি।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেহা সরব থাকলেও ভাঙনের কারণ স্পষ্ট নয়। অনেক কথা চালাচালির পর এবার দুঃখ প্রকাশ করলেন তিনি।
সম্প্রতি বোম্বে টাইমসকে ‘দিলবার’ গায়িকা জানান, ব্যক্তিগত জীবনকে জন সম্মুখে নিয়ে আসার কারণে তিনি দুঃখিত।
নেহা বলেন, “আমি খুবই আবেগী। গত কয়েক মাসে আমার ব্যক্তিগত জীবনে যা ঘটেছে খুবই দুঃখজনক। ব্যক্তিগত বিষয় প্রকাশ্য করায় আমি দুঃখ প্রকাশ করছি। খারাপ সময়ের মাঝে বুঝতে পেরেছি লোকজন আমার প্রতি নেতিবাচক হতে পারে এবং যা আমাকে আঘাত করেছে। এর কিছুই হিমাংশুর প্রাপ্য নয়। এখানে সে কিছুই নয়। এখনো সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও খারাপ মন্তব্য পাচ্ছে সে। আমি আবার একই ভুল করতে চাই না। ব্যক্তিগত জীবন প্রকাশ্য করব না আর।”
নেহা ও হিমাংশু ইনস্টাগ্রাম থেকে পরস্পরকে আনফলো করলে বিচ্ছেদের বিষয়টি আলোচনার বিষয় হয়ে ওঠে। ওই সময় একের পর এক পোস্টের মাধ্যমে নেহা জানান, সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি কতটা আঘাত পেয়েছেন।
সংবাদমাধ্যমগুলো জানায়, ব্রেকআপের কারণে রিয়্যালিটির মঞ্চে ভেঙে পড়েন নেহা। তবে ধারণা করা যায়, বর্তমানে নিজেকে গুছিয়ে নিতে মনোযোগী হয়েছেন এ গায়িকা।
