অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি খাবার রাখার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬টি ক্যানটিনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভেজালবিরোধী কার্যক্রমের অংশ হিসাবে বুধবার সকালে অভিযানটি পরিচালিত হয়। এছাড়া, একই দিনে রাজধানীর মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের কারণে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেলের রোগী, চিকিৎসক ও শিক্ষার্থীদের ক্যানটিনসহ ৬ টি ক্যানটিনে অভিযান চালান হয়। এ সময় ক্যানটিনগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ছাড়াও পচা-বাসি খাবার মজুতের প্রমাণ পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘খাবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। খাবারের স্থানে জুতা রাখা হয়েছে। বেশ কিছু তেলাপোকা দেখা গেছে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এ অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘তাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার পরও ক্যানটিনগুলোর খাবার মান ও পরিবেশ ঠিক করা যাচ্ছে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মেডিকেলের খাবারের মান ও পরিবেশ উন্নত হবে।
তিনি আরও বলেন, কিছুটা অব্যবস্থাপনা দেখা গেছে, যেগুলো খুবই যৌক্তিক। আমরা বিভিন্ন সময় নির্দেশনা দিই, তাদের ধরি, হুমকিও দিই এইভাবে কাজ হয় না।
এর আগে সকালে রাজধানীর মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় মেয়াদোত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, ‘এখানে আমরা পচা মাংস পেয়েছি যা তারা দোকানে রেখেছে। এছাড়া পেস্টিতে নিষিদ্ধ রং ব্যবহার করা হচ্ছে বলে দেখা গেছে। অনেক খাবার মেয়াদোত্তীর্ণ।’
