রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে নির্মাণাধীন আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মৃতের পরিবারের সদস্যরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত কাজী অনীকের (১৪) মামা কামরুল হুদা কাজল দেশ রূপান্তরকে
বলেন, ‘সকালে অনীক বাসার (ছয়তলা) ছাদে যায়। ছাদের রেলিং না থাকায় সে নিচে পড়ে গুরুতর আহত হয়। অনীকের চিৎকার শুনে তার মা সামসুন্নাহার দ্রুত নিচে নামে।’ তিনি আরও বলেন, ‘অনীক ক্লাস সেভেন থেকে অতিরিক্ত পড়ার চাপে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল।’
মিরপুর মডেল থানার এসআই সারওয়ার বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, অনীক মানসিক ভারসাম্যহীন ছিল। গতকালও তার চিকিৎসা দেওয়া হয়।’ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, অনীক মনিপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বাণিজ্য শাখার ছাত্র ছিল। মেধাবী এই স্কুলছাত্র দুই বছর আগে পড়ার চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিন ভাইয়ের মধ্যে অনীক সবার ছোট। তার বাবা ইতালিপ্রবাসী মজিবুর রহমান। মায়ের সঙ্গে মিরপুর ২ নম্বর সেকশনের পশ্চিম মনিপুরে ৮৩৭ নম্বর বাসায় থাকত তারা। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মাঝিয়ারায়।
