ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ক্যান্টিনে পচা মাংস, তেলাপোকা ৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৩:৫৮ এএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি খাবার রাখার অপরাধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছয়টি ক্যান্টিনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকালে ওই ক্যান্টিনগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করে সংস্থাটি। এ ছাড়া একই দিন রাজধানীর মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার ও নিষিদ্ধ রং ব্যবহারের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘ভেজালবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেডিকেলের রোগী, চিকিৎসক ও শিক্ষার্থীদের ক্যান্টিনগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ক্যান্টিনগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ছাড়াও পচা-বাসি খাবার মজুদের প্রমাণ পাওয়া যায়। খাবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল। খাবারের স্থানে রাখা হয়েছে জুতা। বেশ কিছু তেলাপোকাও দেখা গেছে।’ জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার পরও ক্যান্টিনগুলোর খাবার মান ও পরিবেশ ঠিক করা যাচ্ছে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মেডিকেলের খাবারের মান ও পরিবেশ উন্নত হবে।’

প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযানের বিষয়ে নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, ‘এখানে আমরা পচা মাংস পেয়েছি, যা তারা দোকানে রেখেছে। এ ছাড়া পেস্ট্রি খাবারে নিষিদ্ধ রং ব্যবহার করা হচ্ছে বলে দেখা গেছে। আবার অনেক খাবার ছিল মেয়াদোত্তীর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত