চীন, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাংলাদেশে বোয়িং ম্যাক্স সিরিজের বিমানের উড্ডয়ন বন্ধের পর অন্য দেশেও সাময়িকভাবে ৭৩৭ ম্যাক্স বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে আমেরিকান বিমান প্রস্তুতকারী কোম্পানি বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের দুটি বিমান বিধ্বস্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ইথিওপিয়ান এয়ারলাইনসের ম্যাক্স ৮ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন নিহত হওয়ার এক দিনের মাথায় সিঙ্গাপুর ওই সিরিজের সব বিমানে নিষেধাজ্ঞা জারি করে। এরপর একে একে আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেয়।
ম্যাক্স হলো বোয়িং কোম্পানির ৭৩৭ মডেলের বিমানের সর্বশেষ সংযোজন। ম্যাক্স ৭ থেকে শুরু করে এ পর্যন্ত ম্যাক্স ১০ মডেলের বিমান বাজারে এনেছে কোম্পানিটি।
মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, স্যাটেলাইটের তথ্য নতুনভাবে পরিমার্জনার পর এই জেটবিমানগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটি জানিয়েছে, এই সিরিজের ৩৭১টি এয়ারক্রাফট বন্ধ করা হবে।
এফএএ’র সিদ্ধান্তকে সমর্থন করে বোয়িংয়ের সিইও ডেনিস মুলেনবার্গ বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা থাকল।’
