গুণী নির্মাতা অনিমেষ আইচের পরিচালনায় বাংলাভিশনে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’। ধারাবাহিকটির ১০০তম পর্ব প্রচারের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় এ নাটকের সংশ্লিষ্ট সবাই মিলিত হয়েছিলেন একটি রেস্টুরেন্টে। এটাকে এক কথায় ‘দ্যা গুড দ্যা ব্যাড অ্যান্ড দ্যা আগলি’ নাটকের সাকসেস পার্টিও বলা যায়। এ প্রসঙ্গে নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘এখন তো সেভাবে টিভি নাটক মানুষ দেখে না। তাই বেশির ভাগ ধারাবাহিক অল্প কিছু পর্বের পর আর চালিয়ে নেওয়া সম্ভব হয় না। কিন্তু ‘দ্যা গুড দ্যা ব্যাড অ্যান্ড দ্যা আগলি’ ধারাবাহিকটি এক্ষেত্রে কিছুটা আলাদা। দর্শক দেখছে বলেই বাংলাভিশন কর্তৃপক্ষ নাটকটির ১০০তম পর্ব পর্যন্ত প্রচার করেছে। শুধু তাই নয়, এরইমধ্যে এর আরও ২০ পর্বের শ্যুটিং করা আছে। আমরা প্রতি মাসেই একটি লটে এই নাটকের কাজ করি। দর্শক চাহিদার কথা বিবেচনা করেই নাটকটির ২০০ পর্ব পর্যন্ত নির্মাণের প্রস্তাব দিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।’
‘দ্যা গুড দ্যা ব্যাড অ্যান্ড দ্যা আগলি’ নাটকটি অন্য ধারাবাহিক থেকে কিছুটা আলাদা। এতে তিনটি চরিত্র সব সময় থাকে। আর বাকি চরিত্রগুলো গল্পের সঙ্গে সঙ্গে বদলে যায়। মূল তিনটি চরিত্রের বৈশিষ্ট্য ধরেই এক একটি গল্প আসে, সেই গল্প ৭-৮ পর্ব পর্যন্ত চলে, আবার নতুন গল্প আসে। এতে ‘দ্যা গুড’ হলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ‘দ্যা ব্যাড’ চরিত্রে আছেন ডা. এজাজ ও ‘দ্যা আগলি’ চরিত্রটি করেছেন ফারুক আহমেদ। জয়ন্ত চট্টোপাধ্যায় একজন স্কুল শিক্ষক, তবে স্ত্রীর ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু তার মূল্যবোধ হারায় না, সব সময় ভালো কিছু করতে চান। ঠিক তার উল্টো ডা. এজাজ। তিনি সব সময় খারাপ কাজের চিন্তা করেন। আর ফারুক আহমেদ বোকা প্রকৃতির।
