দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায় বা মামলা থেকে দায়মুক্তি দেওয়ার নাম করে একশ্রেণির প্রতারক মানুষকে প্রতারিত করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দুদক। কেউ এ ধরনের অর্থ দাবি বা দায়মুক্তির প্রতিশ্রুতি দিলে সঙ্গে সঙ্গে কমিশনে জানানোর অনুরোধ করা হয়েছে।
দুদক জানায়, অভিযোগের অনুসন্ধান ও তদন্তে কমিশনের কর্মকর্তাদের শুধু চিঠির মাধ্যমে যোগাযোগের নির্দেশনা রয়েছে, টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে নয়। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দুদক জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন উৎস থেকে কমিশন অবহিত হয়েছে যে, দুদক কর্মকর্তা এমনকি কোনো কোনো ক্ষেত্রে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে দেশে-বিদেশে একাধিক প্রতারক বা প্রতারকচক্র সক্রিয় রয়েছে। প্রতারকচক্র কোনো কোনো ক্ষেত্রে কমিশনের কর্মকর্তাদের আত্মীয়, বন্ধু কিংবা অন্য কোনো স্বজন পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তর বা সংস্থায় অনৈতিক তদবির করছেন।
