মুন্সীগঞ্জের সিরাজদীখানে মধ্যরাতে পুলিশের সঙ্গে একদল যুবকের ধস্তাধস্তির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে কামারকান্দা পুলিশ বক্সের সামনের এ ঘটনায় চার যুবককে আটক করা হয়েছে বলে সিরাজদীখান থানার ওসি ফরিদউদ্দিন জানিয়েছেন। আটককৃতরা হলেন কেরানীগঞ্জ ও নবাবগঞ্জের বাসিন্দা সজিব মণ্ডল (২৩), কৃষ্ণ বাড়ৈ (২৪), গোবিন্দ (২৪) ও
জনি সিকদার (২০)। গুলিবিদ্ধ শাহাদাত হোসেন শ্যামল (২০) কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর গ্রামের তাহের আলীর ছেলে।
ওসি ফরিদউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে তিনটি মোটর সাইকেলে করে কয়েক যুবক কেরানীগঞ্জ থেকে নবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় কামারকান্দা পুলিশ বক্সের সামনে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা তা উপেক্ষা করে চলে যায়। কিছুক্ষণ পর তারা নবাবগঞ্জ থেকে ফেরার সময় আবার পুলিশ বক্সের সামনে দিয়ে আসে। তখন সংকেত দিলে তারা থেমে যায়।
তিনি বলেন, ‘এ সময় মোটর সাইকেল আরোহী যুবকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে গেলে শ্যামল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশ কনস্টেবল রাসেল আহত হন।’
