এ ভয় থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে: তামিম

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৬:৫২ পিএম

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে ও মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যে ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। আহতর সংখ্যা ৪০ জন। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরো অনেকে।

হামলার সময় ঘটনার স্থলের পাশেই অবস্থান করছিল বাংলাদেশ ক্রিকেট দল। হামলার আক্রান্ত আল নুর মসজিদেই নামাজ আদায়ের জন্য যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। বাংলাদেশ দলকে বহনকারী টিম বাস আর পাঁচ-দশ মিনিট আগে আল নুর মসজিদে পৌঁছালে হতাহতের তালিকায় নাম ওঠে যেত টাইগারদের।

ভাগ্যক্রমে বেঁচে যাওয়া টাইগার সদস্যরা খুব কাছ থেকে দেখেছে হামলার ভয়াবহতা। রক্তাক্ত অবস্থায় মসজিদ থেকে অনেককে বেরিয়ে আসতে দেখেন তারা। যে ঘটনার বর্ণনা দিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেছিলেন, ‘‘মনে হচ্ছিল সিনেমার ভয়াবহ কোনো দৃশ্য দেখছি।’’

ঘটনার পর শনিবার থেকে যে ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর কথা ছিল, সেটি স্থগিত করা হয়। শনিবারই দেশে ফেরার বিমান ধরেছে বাংলাদেশ দল। সব ঠিক থাকলে রাতে ঢাকায় পৌঁছাবে টাইগাররা।

দেশের বিমানে ওঠার আগে তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি সেটা থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে।’’

‘‘আমরা পরিবারের কাছে ফিরতে পারছি এটাই অনেক বেশি। সবার পরিবারই দুশ্চিন্তাগ্রস্ত। আমি শুধু আশা করছি বাড়ি ফিরে যত দ্রুত এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত