নিখোঁজের সাড়ে ১৫ মাস পর বাড়ি ফিরেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। গত শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর ধানমণ্ডি র ৯/এ-এর ৮৯ নম্বর বাসায় ফেরেন তিনি। তার শরীরের অবস্থা খারাপ এবং তিনি কারও সঙ্গেই কথা বলছেন না বলে জানিয়েছেন তার ছোট মেয়ে সামিয়া জামান।
মারুফ জামান সর্বশেষ ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বড় মেয়ে শবনম জামান সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর আমার বাবা ফিরে এসেছেন। এই সময়ের মধ্যে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি এবং আমার বোন কৃতজ্ঞ।’ এ বিষয়ে এখনই তাদের পরিবার কোনো কথা বলতে চায় না বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন শবনম জামান।
ধানমণ্ডি থানার ওসি মো. আবদুল লতিফ সামিয়া জামানের বরাত দিয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবার রাত ১টার দিকে মারুফ জামান তার বাসায় ফিরে আসেন।
ধানমণ্ডি থানার এসআই রাসেল নিয়াজি দেশ রূপান্তরকে বলেন, ‘মারুফ জামানের ফিরে আসার খবর পেয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আমরা তার ধানমণ্ডির বাসায় যাই। তবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মারুফ জামানের মেয়ে জানিয়েছেন, তিনি বাসা ঠিকমতো চিনতে পারছিলেন না। রাস্তায় ঘোরাফেরা করছিলেন। পরে তার বাসার ম্যানেজার বাসার সামনের রাস্তা থেকে তাকে বাসায় নিয়ে আসে।’
২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশফেরত মেয়েকে আনতে বিমানবন্দরের উদ্দেশে ধানমণ্ডি বাসা থেকে গাড়ি নিয়ে বের হন মারুফ জামান। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ ছিল। পরদিন দুপুরে ধানমণ্ডি থানায় জিডি করে তার মেয়ে সামিয়া জামান। ওইদিন রাতেই কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফুট সড়কে মারুফ জামানের গাড়িটি পাওয়া যায়।
