বাসে তুলে দেওয়ার কথা বলে মা-মেয়েকে ‘দলবেঁধে ধর্ষণ’

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০২:৫৩ এএম

নরসিংদীর শিবপুরে বাসে তুলে দেওয়ার কথা বলে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন উপজেলার সৃষ্টিগড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আবদুল বারেকের ছেলে শফিক (২৫)।

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টিগড় এলাকার পরিত্যক্ত একটি পাটকলে এ ঘটনা ঘটে। গতকাল সকালে ধর্ষণের শিকার মা শিবপুর থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। স্বজনদের বরাত দিয়ে শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে মা-মেয়েসহ পাঁচ নারী বাসে হবিগঞ্জের বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় বাসটি সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এ সময় ছয় তরুণ বাসে তুলে দেওয়ার কথা বলে মা-মেয়েকে স্থানীয় একটি পরিত্যক্ত জুটমিলে নিয়ে যায়। সেখানে দুটি কক্ষে তাদের দলবেঁধে ধর্ষণ করা হয়। এ সময় মা-মেয়ে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। পরে বাসস্ট্যান্ডে গিয়ে স্বজনদের পেয়ে স্থানীয়দের ঘটনাটি জানায় তারা। পরে রাতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের দায় স্বীকার করেছে। তিনি আরও বলেন, নির্যাতনের শিকার মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত