বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘সরকার ভুয়া মামলায় বিএনপি নেতাকর্মীদের কারান্তরীণ করার জঘন্য খেলায় বেপরোয়া হয়ে উঠেছে।’ গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ। এখন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কারান্তরীণ করছে। ফেনী জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইমাম হোসেন সেই খেলারই শিকার।’
ইমাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে অবিলম্বে ইমাম হোসেনের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
