আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০২:৪০ এএম

প্রয়াত রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। নানা আয়োজন আর কর্মসূচিতে তার জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে দিনটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। শহরের ভৈরবপুরে তার নিজ বাড়ির আইভি ভবনে সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ৭টা থেকে কোরআনখানি, সকাল ৯টায় মরহুমের প্রতিকৃতিতে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি, ১০টা থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া জোহরের নামাজের পর স্থানীয় মসজিদগুলোতে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

১৯২৯ সালের ৯ মার্চ বর্তমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলাকী মোল্লার বাড়িতে জন্মগ্রহণ করেন জিল্লুর রহমান। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস ছিলেন। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও ক্রান্তিলগ্নে তার ভূমিকা অবিস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। দল-মত নির্বিশেষে তিনি সবার কাছে সমভাবে গ্রহণযোগ্য ছিলেন। কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচত হন।

অহিংস রাজনীতির প্রবাদ পুরুষ জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বাধীনতার পর তিনি তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত এবং ২৪ আগস্ট মৃত্যুবরণকারী বেগম আইভি রহমান তার স্ত্রী ছিলেন। তাদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে স্থানীয় সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত