সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আসামি করা ও বিনাদোষে তিন বছর কারাবাসের ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন দুদকের প্রধান কৌঁসুলি মো. খুরশিদ আলম খান। আজ বুধবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত
হবে। খুরশিদ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।’ জাহালমের ঘটনা নিয়ে সম্প্রতি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মারিয়া তুষার। বিচারাধীন বিষয়ে এ ধরনের উদ্যোগকে চ্যালেঞ্জ করে এ আবেদন করা হয়েছে বলে জানান খুরশিদ।
ঋণ জালিয়াতির হোতা আবু সালেকের পরিবর্তে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের নাগরপুরের ধুবুড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা জাহালমকে গ্রেপ্তার করে দুদক। পরে ২৬টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত। শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ জাহালমকে তাৎক্ষণিক কারামুক্তির নির্দেশ দিলে সেই রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত ৬ মার্চ জাহালমের বিষয়ে দুদকের প্রতিবেদন জমা দেওয়ার দিন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে বলে, ‘জাহালম নিরপরাধ জানার পরও তার জামিনের ব্যবস্থা না করার দায় দুদককেই নিতে হবে।’ এ ঘটনায় দুদকের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণী, অভিযোগপত্রসহ সব নথি তলব করে আদালত, যা ১০ এপ্রিল দাখিল করতে বলা হয়।
