আগামী ৭ এপ্রিল ইসরায়েল সংসদীয় নির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এরমধ্যে ভিন্নধর্মী প্রচারণায় গিয়ে বিতর্কে পড়েছেন আইনমন্ত্রী আয়েলেত শাকেদ।
নির্বাচনী প্রচারণা উপলক্ষে বাণিজ্যিক ঘরানার একটি ভিডিও বিজ্ঞাপন নির্মাণ করেছেন ডানপন্থি প্রার্থী শাকেদ; তাতে ‘ফ্যাসিজম’ নামের পারফিউমের মডেল হয়েছেন তিনি নিজেই।
নির্বাচনী প্রচারণায় কৌশল হিসেবে মজা করেই ভিডিওটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন শাকেদ। তবে এমন ভিডিও ফ্যাসিবাদকে উসকে দিতে পারে বলে মনে করেন তার সমালোচকরা।
শাকেদের বিজ্ঞাপনটি সাদা-কালো। তাতে দেখা যায় বিলাসবহুল একটি বাড়ির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন মডেল শাকেদ। ব্যাকগ্রাউন্ডে বাজছে মৃদু স্বরের পিয়ানো। হিব্রু ভাষায় নারী কণ্ঠে বলতে শোনা যায়- ‘বিচার বিভাগীয় সংস্কার’, ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ’, ‘সুপ্রিমকোর্ট নিয়ন্ত্রণ’। ‘ফ্যাসিজম’ লেখা একটা পারফিউম বোতল হাতে নিয়ে নিজের শরীরে স্প্রে করেন শাকেদ। আর বলেন “আমার কাছে এটা গণতন্ত্রের মতো।”
নির্বাচনী বিজ্ঞাপনটিকে হাস্যরসাত্মক বলা হলেও শাকেদের অতি জাতীয়তাবাদী রাজনীতির মনোভাবের সমালোচনা করেছেন অনেকে। তাদের ভাষায়, বিজ্ঞাপনটি এরই মধ্যে দেখেছে হাজার হাজার মানুষ। এটা ফ্যাসিবাদকে সমর্থন করে বানানো। ইসরায়েলের বাইরের মানুষজন বুঝতে পারবে না, এটা হাস্যরসাত্মক বিজ্ঞাপন কি-না।
নির্বাচনী প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমড়ি খেয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। প্রচারণায় কে কাকে ছাড়িয়ে যেতে পারে চলছে সেই প্রতিযোগিতা। নির্বাচনের দুই সপ্তাহ আগে টেলিভিশনে প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। তাই প্রচার কাজ চালানোর জন্য তাদের কাছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমই অন্যতম ভরসা।
