সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। চারবারের চ্যাম্পিয়ন ভারত তাদের গতিময় খেলাতেই কোণঠাসা করে রেখেছে বাংলাদেশকে। ফলে প্রথমার্ধেই ০-৩ গোলে পিছিয়ে পড়েছে সাবিনা-কৃষ্ণারা।
নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালায় বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে শুরু হয়েছে খেলা।
এর আগে কখনোই ভারতের মেয়েদের সিনিয়র পর্যায়ে হারাতে পারেনি বাংলাদেশ। নয় বারের দেখায় একটি মাত্র ড্র। এবার ফাইনালে উঠতে হলে তাই ইতিহাস গড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ টুর্নামেন্টে গতবারের রানার্সআপ। ভারতের বিপক্ষে হেরেই রানার্সআপ হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।
তবে প্রথমার্ধেই বাস্তবতা বুঝিয়েছে ভারতীয় মেয়েরা। ম্যাচের ১৮, ২৩ ও ৩৭ মিনিটে গোল আদায় করে দলটি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতে গেছে ভারত। এখান থেকে বাংলাদেশের জন্য ম্যাচে ফেরা তাই একরকম অসম্ভবই বলা চলে।
বাংলাদেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করতে পারলেও ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করতে পারেনি।
