আদালত থেকে চুরি গেছে মামলার আলামতের ২৭ লাখ টাকা, ইয়াবা

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৬:৩৭ পিএম

চট্টগ্রাম আদালতে জেলা পুলিশের মালখানা থেকে খোয়া গেছে ২৭ লাখ ২২ হাজার ৯৭১ টাকা। ৬৪ মামলার আলামত হিসেবে ছিল টাকাগুলো। এছাড়া খোয়া গেছে আলামত হিসেবে জব্দ করা ইয়াবা ও মোবাইল সেট।

চুরির পর মালখানার দরজায় নতুন তালা লাগিয়ে দেয় চোর। এ ঘটনায় দায়িত্বরত দুই পু্লশি সদস্যকে বরখাস্ত করা হয় সোমবার। চুরির ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

'সোম ও মঙ্গলবার মালখানার সব আলামত তালিকা ধরে যাচাই  শেষে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ'।

বিজন কুমার বড়ুয়া আরো বলেন, জেলার ১৬ থানার মামলার আলামত হিসেবে জব্দ করা এসব টাকা মালখানায় একটি আলমারিতে রাখা ছিল। সেটি ভেঙে চোর টাকা নিয়ে গেছে। ওই মালখানায় বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা টাকা, স্বর্ণ, মাদকসহ নথিপত্র রাখা হয়।

তিনি বলেন, কাগজপত্র তছনছ করা হয়েছে, তবে কোনো মামলা-সংক্রান্ত নথিপত্র খোয়া যায়নি। শুক্র, শনি ও রোববার টানা তিনদিনের ছুটি শেষে সোমবার সকালে মালখানার কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি টের পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত