হাত পা বাধা লাশ ফেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১২:২০ এএম

ঝালকাঠির নলছিটিতে মাইক্রোবাস থেকে এক যুবকের হাত পা বাধা লাশ রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার বিকেলে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস বিকেল চারটার দিকে রায়পুর এলাকায় আসে। মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা হাত পা বাধা অবস্থায় এক যুবকের লাশ ফেলে দ্রুত মাইক্রোবাসটি ঘুরিয়ে আবার বরিশালের দিকে পালিয়ে যায়। তখন ওই রাস্তা দিয়ে প্রাইভেট কোচিংয়ে পড়তে যাচ্ছিল এলাকার দুই শিশু। তারা ঘটনাটি দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়।

নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, হাত-পা বাধা অজ্ঞাত ওই লাশটির গলা ওড়না দিয়ে প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

যুবকটির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত