সুপ্রভাতের সঙ্গে জাবালে নূরের বাসও নিষিদ্ধ

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৩:০১ এএম

দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর প্রেক্ষাপটে ঢাকা মহানগরীতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের বাস ও মিনিবাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বুধবার বিআরটিএর উপপরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার সকালে ঢাকার নদ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপির) এক ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত জুলাইয়ে ঢাকা বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়ক দাবিতে রাস্তায় নেমেছিল ঢাকার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা কয়েক দিনের বিক্ষোভে সেসময় কার্যত অচল হয়ে পড়েছিল ঢাকা। তখন জাবালে নূরের দুটি বাসের রুট পারমিট বাতিল করা হয়েছিল। আর গত সোমবারের দুর্ঘটনার পর ওই বাসের নিবন্ধন বাতিল এবং চালক সিরাজুল ইসলামকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত