নানা আয়োজনে গতকাল বুধবার রাজধানী ঢাকা ও কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে রাজধানীর বনানীতে প্রয়াত রাষ্ট্রপতির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বাদ আসর জিল্লুর রহমানের বাসভবনে মাহফিলে মরহুম রাষ্ট্রপতির আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীরা অংশ নেন।
পাঁচ মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যের কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
গতকাল সকালে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, জিল্লুর রহমানের ছেলে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের গুলশান কার্যালয়ে আলোচনা সভা হয়। স্টিয়ারিং কমিটির সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, কার্যকরী সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সহসভাপতি চিত্রনায়িকা রোজিনা, রোকেয়া প্রাচী, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, জোটের কেন্দ্রীয় নেতা ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে।
জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ ও স্মরণসভা হয়।
