ইসলাম বিদ্বেষী ব্লগের জেরে দায়িত্ব ছাড়লেন নিউজিল্যান্ডের চিকিৎসক

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১০:৪৯ এএম

ইসলাম-বিদ্বেষী মন্তব্য করে দায়িত্ব ছাড়তে হলো নিউজিল্যান্ডের একজন শীর্ষ চিকিৎসককে। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্‌গার করে নিয়মিত ব্লগ লেখার অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেন।

নিউজিল্যান্ড হ্যারাল্ড জানায়, অকল্যান্ডের এ শীর্ষ চিকিৎসক ম্যাক ডক্টর নামে নিজস্ব ব্লগে ইসলাম ও মুসলিম বিদ্বেষী মন্তব্য করে আসছিলেন। এতে তিনি মুসলিমদের জার্মানির নাৎসিদের সঙ্গে তুলনা করেন।

তিনি ম্যাক ডক্টরে লেখেন, “লিবারেলরা মুসলিম ট্যাক্সি চালক ও প্রাইমারি স্কুল শিক্ষকদের দায়ী না করার জন্য বলে থাকে অথচ তারা নিজেরাই স্বজাতির সমালোচনায় নীরব ও নিষ্ক্রিয় থাকে।”

তিনি আরও লেখেন, “সকল মুসলিমদের ইমিগ্রেশন বন্ধ করতে হবে,  জিহাদি অনুভূতি থেকে যত দিন না তারা বের হয়ে আসে।” 

দেশটির ক্রাইস্টচার্চে মসজিদে মুসল্লিদের ওপরে খ্রিষ্টান সন্ত্রাসীর হামলায় ৫০ জন নিহতের ঘটনার পরও ওই চিকিৎসকের লেখা অনলাইনে পাওয়া যাচ্ছে। ফলে তার বিরুদ্ধে একাধিক নাগরিক ইসলাম বিদ্বেষের অভিযোগ তোলে।

এ ব্যাপারে তার কর্মস্থল অকল্যান্ডের মেডিকেল সেন্টারে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, কর্তৃপক্ষ এ ব্যাপারে তার সঙ্গে কথা বলেছে, তিনি ইতিমধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত