নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় মুসলিমদের প্রতি সংহতি জানাতে স্কার্ফ পরার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির অমুসলিম নারীরা। আজ শুক্রবার দিনভর তারা মাথা ঢেকে রাখবেন বলে নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।
শান্তিপূর্ণ দেশের তালিকায় সামনের সারিতে থাকা নিউজিল্যান্ডে গত শুক্রবারের হামলার পর থেকে মুসলিমদের বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার অমুসলিম নাগরিকরা। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন ব্যক্তিগতভাবে মুসলমান বাসিন্দাদের অভয় দেওয়ার চেষ্টা করেছেন।
আজকের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘হেডস্কার্ফ ফর হারমোনি’ (সংহতির জন্য স্কার্ফ)। এর আয়োজকরা বলেছেন, কোন ধরনের স্কার্ফ পরতে হবে কিংবা কীভাবে পরতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা নেই। এটি নিউজিল্যান্ডের মুসলিম নারীদের প্রতি সমর্থন জানাতে কিউই নারীদের সাধারণ একটি প্রচেষ্টা। তবে আয়োজকদের এ মতের বিরোধীও পাওয়া গেছে। তাদের মতে, এ উদ্যোগ নারীদের প্রতি নিপীড়নমূলক। উদ্যোগটির প্রশংসা করেছেন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একজন ইসলাম বিশেষজ্ঞ। তিনি বলেন, এ নিয়ে তিনি গর্বিত। তার মতে, নিউজিল্যান্ডের মুসলিম নারীরাও এতে গর্বিত হবেন। ক্রাইস্টচার্চে হামলার পর এক মুসলিম নারী হিজাব পরে বাইরে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসক থায়া অ্যাশম্যান স্কার্ফ পরার পরিকল্পনা নেন।
